ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েনে জ্বালানি সংকট, গণপিটুনিতে মন্ত্রীর হুঁশিয়ারি
ঠাকুরগাঁওয়ের রায়পুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যার ধাক্কা এসেছে বাংলাদেশেও। সোমবার (২৩ মার্চ) নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই পরকালে মুক্তি মেলে—এমন ধারণা ভুল। পাশাপাশি দেশে গণপিটুনি বা ‘মব কালচার’ বরদাশত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সুযোগ সরকার দেবে না।
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খাল-নদী খননের কাজে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। জনস্বার্থের এই কাজে অর্থের অপচয় হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি নেহা নদী খননের ফলে কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

