সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার

প্রাইম বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬ ৩:০৯ এএম

বিশ্ব স্বাস্থ্য দিবসের আবহে মিরপুরে জনসচেতনতামূলক এক সেমিনার আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। খেলাধুলায় প্রাণ বাড়ে এবং হৃদয় শক্তিমান থাকে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সারাদেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ই-হেলথ কার্ড প্রবর্তন এবং স্বাস্থ্যবিমা সম্প্রসারণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি মাদক ও তামাক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের আহ্বান জানান।

ফাউন্ডেশনের অ্যাপিডেমিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী মূল প্রবন্ধে মানুষ, প্রাণী ও পরিবেশের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্কের কথা তুলে ধরেন। অন্যদিকে বিশেষ অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ই-সিগারেটের ব্যাপক ব্যবহার রোধে তামাক নিয়ন্ত্রণ আইন কঠোর করার ওপর জোর দেন। এ সময় বক্তারা অসংক্রামক রোগ, বিশেষ করে হৃদরোগ প্রতিরোধে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরেন।

ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন্নেসা মালিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. ইউনুছুর রহমান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে এই সেমিনারের আয়োজন বলে জানানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...