সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

প্রাইম বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬ ২:৩৭ এএম

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত সরকার দেশে কখনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি, বরং তারা নিজেদের স্বার্থে মত্ত হয়ে ‘মনস্টারে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতে এ ধরনের ক্ষমতার অপব্যবহারই সংকট ডেকে এনেছে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের রায় এবং সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাস্তবায়ন করা জরুরি। কিন্তু বিএনপি এখনো শপথ নিচ্ছে না এবং জুলাই সনদ বা অধ্যাদেশগুলো নিয়ে টালবাহানা করছে। এটি কাম্য নয়। তিনি আশা করেন, সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বিবেক দিয়ে চিন্তা করে জনগণের কল্যাণে সিদ্ধান্ত নেবেন। একই অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক আসিফ সাহান বলেন, গণতন্ত্র রক্ষা করতে হলে সরকারের নির্বাহী ক্ষমতার যথেচ্ছব্যবহার রোধ করতে হবে। সে জন্য সংসদে দ্বি-কক্ষ ব্যবস্থার প্রয়োজন। তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের ওপর জোর দেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন অবশ্য ক্ষমতাসীনদের পুরনো ধারার মধ্যেই হাঁটতে দেখছেন। তিনি বলেন, সরকারি দল শপথ নিতে দেরি করছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল বা সংশোধন করে উত্থাপন করার পথ বেছে নিচ্ছে। এতে মনে হচ্ছে তারা আবারও পুরনো পথেই হাঁটছে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ব্যারিস্টার ইমরান আহমেদ সিদ্দিকী প্রমুখ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...