সঠিক তথ্য ও স্বচ্ছতাই বর্তমান সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজনে অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহমান সাকি বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নের স্বার্থে তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মন্তব্য করেন, পূর্ববর্তী সরকারের আমলে পরিসংখ্যান ব্যবহার করে বাস্তবতাকে ম্লান করে একটি কল্পিত চিত্র তৈরি করার প্রবণতা ছিল। তবে এখন আর তথ্য গোপন করে কোনো লাভ নেই, বরং অস্বস্তিকর হলেও সত্যকে মেনে নিয়েই দেশের উন্নয়নের স্বার্থে পদক্ষেপ নিতে হবে। তথ্যের স্বচ্ছতা ও বাস্তবতার মধ্যে বিরাজমান ব্যবধান দূর করে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
শুমারির ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের তথ্য হাতে আসতে ২০২৬ সাল লাগছে, যা গ্রহণযোগ্য নয়। এই সময়কাল কমিয়ে আনতে দশ বছর পর পর শুমারির পরিবর্তে অল্প সময়ের ব্যবধানে শুমারি করার আহ্বান জানান তিনি। এছাড়া চলতি প্রতিবেদনে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বৃদ্ধি পেলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নাজুক অবস্থার কথা উল্লেখ করে তাদের সুরক্ষা ও অভ্যন্তরীণ বাজারের প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।
জোনায়েদ আব্দুর রহমান সাকি বলেন, আমরা একটি ভঙ্গুর অর্থনীতির উত্তরাধিকার পেয়েছি। এখন শুধু বড় বড় স্থাপনা তৈরি করা নয়, সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলা আমাদের লক্ষ্য। নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো সঠিক তথ্যের ভিত্তিতে নিতে বিবিএসকে আন্তর্জাতিক মানের পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

