বিদ্যুতের লোকসান সামাল দিতে দাম বাড়ানোর চিন্তায় সরকার
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ খাতের বিপুল ঘাটতি পূরণে শিগগিরই বিদ্যুতের দাম সমন্বয় বা বৃদ্ধির পথে হাঁটতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে এক জরুরি বৈঠকে বিদ্যুতের ভর্তুকি ও মূল্যবৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১৮০ দিনের এই কর্মপরিকল্পনা চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে বলে জানা গেছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের খরচ পড়েছে ১২ টাকা ৩৫ পয়সা, কিন্তু ভর্তুকির কারণে গ্রাহকদের বিক্রি করা হচ্ছে ৬ টাকা ৬৩ পয়সায়। এর ফলে গত অর্থবছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মোট লোকসান দাঁড়িয়েছে ৫৫ হাজার কোটি টাকা। সরকার বিপুল অঙ্কের ভর্তুকি দিয়েও এই লোকসানের হাত থেকে রেহাই পাচ্ছে না। পিডিবির বকেয়া বিল ও লোকসান মিলিয়ে মোট দায়ের পরিমাণ এখন ৩০ হাজার কোটি টাকার বেশি।
এদিকে, গ্যাস সংকট মোকাবিলায় দ্রুত আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুটের বেশি হলেও সরবরাহ করা হচ্ছে ২৭০ কোটি ঘনফুটের কম। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিয়ে সরকারি ভবনগুলোর ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে করে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংশ্লিষ্ট সচিবরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

