সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়: মন্ত্রী হওয়া প্রসঙ্গে যা বললেন খলিলুর রহমান
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন শেষে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়া প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেছেন, তিনি কোনো চাপে বা জোর করে এই পদে আসেননি। সময়ের পরিবর্তনে পরিস্থিতিও বদলায় বলেই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর পদ্মা অতিথি ভবনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
খলিলুর রহমান জানান, তারা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বৈদেশিক নীতির ওপর ভিত্তি করেই দেশ পরিচালনা করছেন। অন্তর্বর্তী সরকারের সময়েও তারা একই নীতি মেনে চলার চেষ্টা করেছেন। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, তবে নিজেদের স্বার্থ অগ্রাধিকার পাবে।
এক সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে জাতীয় নিরাপত্ষা উপদেষ্টার পদ থেকে পদত্যাগে বাধ্য করেছিলেন। ওই ঘটনার প্রেক্ষিতে এখন মন্ত্রী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সময় ও পরিস্থিতির বিবর্তনের ফলেই এই পরিবর্তন এসেছে। এছাড়া নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যারা এমন অভিযোগ করছেন তারা চাইলে আবারও ভোট গণনা করতে পারেন, তাতে তাদের কোনো আপত্তি নেই।

