রাজধানীর সড়কে ইফতারের আগে চরম যানজট, হেঁটে বাসায় ফিরছেন মানুষ
রমজানের শুরুতেই ইফতারের পূর্ব মুহূর্তে রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর থেকেই গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, কাকরাইল, পল্টন, মিরপুর ও যাত্রাবাড়ীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। বাসের অপ্রতুলতা ও অতিরিক্ত যানবাহনের চাপে বিকেল থেকেই সড়ক ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। এক কিলোমিটার পথ পার হতে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগছে, ফলে অনেকেই বাস না পেয়ে রোজা নিয়েই পায়ে হেঁটে বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
অফিস শেষে ঘরমুখো মানুষের ভোগান্তির শেষ নেই। মতিঝিল থেকে মোহাম্মদপুরগামী বেসরকারি চাকরিজীবী ইরশাদ হাসান জানান, অফিস শেষ হওয়ার পরও আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাননি তিনি। পরে বাস পেলেও জ্যামের কবলে পড়ে সময়মতো বাসায় পৌঁছানো নিয়ে শঙ্কিত তিনি। অন্যদিকে পল্টন থেকে ধানমন্ডিগামী ওবায়দুর রহমান গাড়ির জ্যাম এড়াতে পায়ে হেঁটেই যাত্রা শুরু করেছেন। তিনি বলেন, গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত দীর্ঘ যানজট থাকায় গাড়িতে উঠলে বাসায় পৌঁছাতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
যাত্রীদের অভিযোগ, ইফতারের এক থেকে দেড় ঘণ্টা আগে অনেক বাস গ্যারেজমুখী হয়ে যায়, যা পরিবহন সংকট তীব্র করে। পাশাপাশি সড়কের ওপর অবাধে ইফতারের দোকান বসায় রাস্তার প্রস্থ কমে যায় এবং যানজটের সৃষ্টি হয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাইডশেয়ারিং সার্ভিস ও সিএনজি অটোরিকশার ভাড়াও বেড়ে গেছে কয়েকগুণ। স্বল্প দূরত্বে যেতেও যাত্রীদের দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া পরিশোধ করতে হচ্ছে।

