শেরপুর-১ আসনের বিতর্কিত ফল, আইনি লড়াইয়ের ঘোষণা ডা. প্রিয়াঙ্কার

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩ পিএম
শেরপুর-১ আসনের বিতর্কিত ফল, আইনি লড়াইয়ের ঘোষণা ডা. প্রিয়াঙ্কার

শেরপুর-১ আসনের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম ও ফলাফলে স্বচ্ছতার অভাব থাকায় তিনি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল ইসলামের কাছে তিনি প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্যে প্রিয়াঙ্কা জানান, তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনে ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আদালতে মামলা করবেন বলেও সংবাদ সম্মেলনে স্পষ্ট জানান তিনি।

সংবাদ সম্মেলনে এ প্রার্থী ভোট গণনার শিটে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ও সিল না থাকার পাশাপাশি পোলিং এজেন্টদের স্বাক্ষর ও এনআইডি নম্বরের অনিয়মের বিষয়টি তুলে ধরেন। তার অভিযোগ, কিছু ক্ষেত্রে ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করা ব্যক্তিরাই প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপির ভোটার বেশি এলাকায় ধীরগতিতে ভোট গ্রহণ এবং প্রতিপক্ষের এলাকায় জাল ভোট দেওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি। জামায়াত সমর্থিত প্রার্থী রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে জয়ী হন, যেখানে প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট।

প্রিয়াঙ্কা অভিযোগ করেন, বেশ কিছু কেন্দ্রে ধানের শীষের পক্ষে মাত্র সাত থেকে ৯৬টি ভোট পড়াটা সন্দেহজনক। জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধেও নিরপেক্ষতা না থাকার অভিযোগ আনেন তিনি। তিনি বলেন, অনিয়মের প্রমাণ দিতে গিয়ে তাদের এজেন্টরা হামলার শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...