শোকের মাঝে স্বস্তি, স্ত্রী-সন্তান হারানো সাদ্দামের জামিন

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৫:০৯ পিএম
শোকের মাঝে স্বস্তি, স্ত্রী-সন্তান হারানো সাদ্দামের জামিন

স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়া বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক কারণে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার আদালতের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে এই আদেশ প্রদান করেন। পারিবারিক এই চরম ট্রাজেডির প্রেক্ষাপটে আদালত তাকে এই সাময়িক মুক্তি দিলেন।

আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি জানান, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই আদালত এই জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত ২৪ জানুয়ারি যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে অ্যাম্বুলেন্সে করে মরদেহ আনা হলেও প্যারোল না পাওয়ায় জেলগেটের ভেতরেই দাঁড়িয়ে মাত্র পাঁচ মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ দেখতে পেয়েছিলেন এই কারাবন্দি নেতা।

গত ৫ আগস্ট সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হওয়ার পর থেকে যশোর কারাগারে আটক ছিলেন সাদ্দাম। গত শুক্রবার বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালী এবং শিশুপুত্র নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পরিবারের ধারণা, মানসিক বিষণ্নতায় স্বর্ণালী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। স্বামীর মুক্তির অপেক্ষায় এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...