সুপ্রিম কোর্টে ২১৩ পদ সৃজন, বিচার বিভাগে নতুন গতি

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ৮:২০ পিএম
সুপ্রিম কোর্টে ২১৩ পদ সৃজন, বিচার বিভাগে নতুন গতি

বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬টি ক্যাডার পদসহ মোট ২১৩টি নতুন পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক গেজেট অনুযায়ী এসব পদ সৃষ্টি করা হয়েছে। নতুন পদগুলোর মধ্যে একজন সিনিয়র সচিব, চারজন অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ১৭ ধারার অধীনে গঠিত ‘পদ সৃজন কমিটি’র সুপারিশের ভিত্তিতে এসব পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৮ ডিসেম্বর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সরকারের বিভিন্ন দপ্তরে এ সংক্রান্ত আদেশ পাঠানো হয়েছিল। এ পদগুলোর জন্য প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন সহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বেতন স্কেল নির্ধারণে জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের ৪৬টি পদের মধ্যে ৪৫টির বেতন ২০১৬ সালের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল এবং বাকি ১৬৮টি পদের বেতন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে নির্ধারণ করা হয়েছে।

গেজেটে পদ সৃজনের পাশাপাশি সচিবালয়ের কাজের পরিধি বাড়াতে নতুন সরঞ্জাম বরাদ্দেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ের ব্যবহারের জন্য ৯টি জিপ, ৬টি মাইক্রোবাস, ৪টি বাস, ৫টি ফটোকপিয়ার মেশিন এবং ১টি ডিজিটাল ক্যামেরা বরাদ্দের কথা বলা হয়েছে। এসব পদ ও সরঞ্জামের ব্যয়ভার সুপ্রিম কোর্ট সচিবালয়ের অনুকূলে বরাদ্দকৃত বাজেট থেকে বহন করা হবে। এই পদ্ধতিগত পরিবর্তন দেশের বিচার বিভাগের স্বাধীনতা জোরদারে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...