দুই ব্রিটিশ প্রার্থীর নাগরিকত্ব গোপন: টিআইবির চাঞ্চল্যকর তথ্য

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৪:৩২ পিএম
দুই ব্রিটিশ প্রার্থীর নাগরিকত্ব গোপন: টিআইবির চাঞ্চল্যকর তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, অন্তত দুইজন প্রার্থী হলফনামায় তাদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি গোপন করেছেন। টিআইবির অনুসন্ধানে দেখা গেছে, ওই দুই প্রার্থী ব্রিটিশ নাগরিক হলেও নির্বাচনী দলিলে তা প্রকাশ করেননি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, একাধিক প্রার্থী বিদেশে থাকা তাদের বিপুল সম্পদের হিসাবও গোপন করেছেন। এক প্রার্থীর নির্ভরশীলদের নামে যুক্তরাজ্যে ২০১৩ সালে ১.৪ মিলিয়ন পাউন্ডের (প্রায় ২১০ কোটি টাকা) বাসভবন কেনা হয়েছে, যা হলফনামায় উল্লেখ নেই। এই বাড়ি কেনার জন্য দুবাইভিত্তিক একটি শেল কোম্পানির সহায়তা নেওয়া হয়েছিল। এছাড়া অন্য এক প্রার্থী তিনটি ফ্ল্যাট দেখালেও আসলে বিদেশে তার অন্তত তিন গুণ বেশি ফ্ল্যাট রয়েছে, যার বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। আরেকজন স্ত্রীর নামে দুবাইয়ে ফ্ল্যাটের মালিক হলেও তা প্রকাশ করেননি। এমনকি নিজের বিদেশি ব্যবসা নেই বলে দাবি করলেও অনুসন্ধানে এক প্রার্থীর ১১টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে।

নীতিমালা অনুযায়ী অপরাধীদের নাম প্রকাশ না করলেও তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন টিআইবির এই কর্মকর্তা। তিনি বলেন, গোপন তথ্যগুলো নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হবে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...