বিশ্বজুড়ে দ্বৈত নাগরিকত্বের ধুম, সুযোগ থাকলে নিন দ্রুত
ভ্রমণপিপাসু এবং প্রবাসীদের মধ্যে এখন দ্বিতীয় পাসপোর্ট বা দ্বৈত নাগরিকত্ব নেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, ভিসা ছাড়া ভ্রমণ এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে অনেকেই এখন এই পথ বেছে নিচ্ছেন। বিখ্যাত হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও ২০২৫ সালের শেষদিকে তার পরিবার নিয়ে ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা বিশ্বজুড়ে এই প্রবণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিভিন্ন পরিসংখ্যানে দ্বৈত নাগরিকত্বের জনপ্রিয়তা বৃদ্ধির স্পষ্ট প্রমাণ মিলছে। যুক্তরাজ্যের ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশটির ২ দশমিক ১ শতাংশ নাগরিক একাধিক পাসপোর্টের মালিক, যা আগের দশকের তুলনায় দ্বিগুণ। আমেরিকানদের মধ্যেও এই আগ্রহ লক্ষ্যণীয়; গ্যালপের জরিপে দেখা গেছে প্রতি পাঁচজনের একজন দেশ ছাড়তে আগ্রহী। বর্তমানে হেনলি অ্যান্ড পার্টনারসের মতো প্রতিষ্ঠানগুলোর বড় অংশ গ্রাহকই মার্কিন ও ব্রিটিশ নাগরিক। তবে ২০২৫ সালে ইউরোপের বিভিন্ন দেশে বংশলতিকাভিত্তিক নাগরিকত্বের আইন কঠোর করায় অনেকের জন্য পথটি কণ্টকাকীর্ণ হয়ে উঠেছে।
দ্বিতীয় পাসপোর্ট অন্য দেশে বসবাসের স্বাধীনতা ও শিক্ষার সুযোগ বাড়ালেও কিছু ঝুঁকি রয়েছে। অনেক ক্ষেত্রে দ্বৈত কর প্রদানের বাধ্যবাধকতা থাকে এবং ইরান বা আর্জেন্টিনার মতো কিছু দেশে নাগরিকত্ব ত্যাগ করা কঠিন। এমনকি যুদ্ধকালীন সময়ে সামরিক বাধ্যবাধকতাও বড় ঝুঁকি তৈরি করতে পারে। আইনজ্ঞরা মনে করেন, ইতালির মতো দেশগুলোতে সাম্প্রতিক আইনি পরিবর্তনের কারণে যাদের যোগ্যতা রয়েছে তাদের উচিত অবিলম্বে সুযোগটি কাজে লাগানো, কারণ আগামীতে আরও কঠোরতা আসলে বর্তমান সুযোগগুলো হাতছাড়া হতে পারে।

