মধ্যপ্রদেশে ‘মাদরাসা’ অভিযোগে যুবকের স্কুল গুঁড়িয়ে দিল প্রশাসন
মধ্য প্রদেশের বেতুল জেলায় নিজের সঞ্চয়ের ২০ লাখ রুপি ব্যয়ে গড়ে তোলা স্কুল ভবন ধ্বংস করেছে প্রশাসন। গত ১৩ জানুয়ারি ভৈনসদেহি উপজেলার ধাবা গ্রামে অবৈধ মাদরাসা স্থাপনের অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হয়। ওই মুসলিম যুবক আবদুল নাঈম জানিয়েছেন, তিনি স্কুল তৈরি করছিলেন এবং এখনও পড়ানো শুরুই হয়নি, তবুও গুজবের ভিত্তিতে তার স্বপ্নভবনটি ভেঙে দেওয়া হয়েছে।
ঘটনার তিন দিন আগে ওই গ্রামে এমন গুজব ছড়িয়ে পড়ে যে আবদুল নাঈম গোপনে একটি মাদরাসা চালাচ্ছেন। অবশ্য নাঈম এটি অস্বীকার করে জানান, গত ৩০ ডিসেম্বর তিনি স্কুল শিক্ষা দপ্তরে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতির জন্য আবেদন করেছিলেন। তিনি বলেন, গত ২৩ ডিসেম্বর এমপি বোর্ডে আবেদন করেছেন, মাদরাসার জন্য নয়। তিনি প্রশ্ন রেখেছেন, যেখানে মাত্র তিনটি মুসলিম পরিবার বাস করে, সেখানে মাদরাসা চালিয়ে পড়াবে কাকে? গ্রামবাসীদের চাপে পঞ্চায়েত প্রথমে নোটিশ দিলেও পরে ১২ জানুয়ারি ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি প্রদান করে।
গ্রামবাসীরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে যাওয়ার সুযোগে গত ১৩ জানুয়ারি জেসিবি দিয়ে ভবনের সামনের অংশ গুড়িয়ে দেয় প্রশাসন। ভৈনসদেহি সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অজিত মারাভির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এটি অবৈধ নির্মাণ এবং সরকারি জমি দখল করা হয়েছিল। ক্ষতিগ্রস্ত নাঈম জানিয়েছেন, তিনি জরিমানা দিতে প্রস্তুত ছিলেন, শুধু ভবনটি রক্ষা করার আকুতি জানিয়েছিলেন। তার দাবি, তিনি জানতেনই না পঞ্চায়েতের এনওসি প্রয়োজন, এমনকি গ্রামের সরপঞ্চও অনুমতির কথা স্বীকার করেছেন।

