বিপজ্জনক অবস্থায় ফ্রান্সের অর্থনীতি, জিডিপির ৫ শতাংশের হুঁশিয়ারি
ফ্রান্সের অর্থনীতি বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা নিয়ে সতর্কতা উচ্চারণ করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফ্রাঁসোয়া ভিলরোয়া দ্য গালো। গত বুধবার বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ সালের মধ্যে বাজেট ঘাটতি যদি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ অতিক্রম করে, তবে ফ্রান্স অর্থনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করবে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী পরিষদের সদস্য হিসেবে তিনি দেশটির বর্তমান আর্থিক পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলোর বাজেট ঘাটতি জিডিপির তিন শতাংশের মধ্যে রাখার কথা থাকলেও ফ্রান্স দীর্ঘদিন ধরেই সেই সীমা লঙ্ঘন করছে। মূল্যস্ফীতি, পেনশন ও সামাজিক ভাতায় ব্যয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি এই পরিস্থিতির জন্য দায়ী। এমন পরিস্থিতিতে ঘাটতি বেড়ে ৫ শতাংশে পৌঁছালে আন্তর্জাতিক বাজারে দেশটির বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে এবং সরকারি ঋণের সুদের হার বাড়তে পারে, যা স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যয় ধরে রাখা কঠিন করে তুলবে।
অর্থনীতিবিদদের মতে, এই সংকট মোকাবেলায় ফরাসি সরকারকে কঠোর ও জনবিরোধী কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। সরকারি ব্যয় সীমিত করা, কর ব্যবস্থায় সংস্কার এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, সময়মতো এই সংকট সমাধান না হলে শুধু ফ্রান্স নয়, পুরো ইউরোজোনের আর্থিক স্থিতিশীলতাই হুমকির মুখে পড়বে।

