গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ‘কঠিন পথ’ ঘোষণা, ডেনমার্কের হোয়াইট হাউজ সফর
গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলদারিত্বের হুঁশিয়ারির মধ্যে পরিস্থিতি মোকাবেলায় এবার হোয়াইট হাউজে যাচ্ছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। আগামী বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিতব্য এই জরুরি বৈঠককে অনেকেই ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে অভিহিত করছেন। দীর্ঘদিনের মিত্র ডেনমার্কের সাথে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
কৌশলগত কারণে এই আর্কটিক দ্বীপটির ওপর জোর দিয়ে আসছেন ট্রাম্প। গত শুক্রবার (১০ জানুয়ারি) তিনি স্পষ্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড তিনি অবশ্যই চান, সেটা তারা পছন্দ করুক বা না করুক। এমনকি প্রয়োজনে কঠিন পথেও হয়তো হাঁটতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি গ্রিনল্যান্ডের স্বাধীনতার ইচ্ছাকে ‘সমস্যা’ হিসেবে বর্ণনা করেছেন। এমন পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি দূর করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন রাসমুসেন। এতে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটজফেল্ডও উপস্থিত থাকবেন। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই বৈঠকে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন।
ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়িয়েছে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সরকার। তারা দ্বীপটির স্বায়ত্তশাসন রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এই বিষয়টিকে কেবল ভুল বোঝাবুঝি বলে মনে করছে কি না এবং তারা তাদের দাবি থেকে সরে আসার মনোভাব পোষণ করছে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। হোয়াইট হাউজের এই বৈঠকই মূলত দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নির্ধারণ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

