বাণিজ্য চুক্তির প্রতিবাদে প্যারিসে ক্ষুব্ধ ফরাসি কৃষক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মারকোসুরের মধ্যকার বাণিজ্য চুক্তির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশাল বিক্ষোভ দেখিয়েছেন দেশটির কৃষকরা। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে শতাধিক ট্রাক্টর নিয়ে শহরে প্রবেশ করে তারা শঁজেলিজে সড়ক অতিক্রম করে ফরাসি পার্লামেন্ট ভবনের কাছাকাছি অবস্থান নেন। অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পরিবেশগত কঠোর বিধিনিষেধের বিরুদ্ধেও এই কর্মসূচি পালন করা হয়।
ভোর ৬টার পূর্বেই প্রায় ১৫টি ট্রাক্টরের প্রথম বহর প্যারিসে প্রবেশ করে এবং পরবর্তীতে আরও শত শত ট্রাক্টর তাদের সাথে যোগ দেয়। হর্ন বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা প্রতিবাদ জানান। এ সময় জাতীয় পরিষদ ভবনের নিকটবর্তী এলাকায় অন্তত ৩৫০টিরও বেশি ট্রাক্টর পার্ক করা হয়, যেখানে প্রায় ৮০০ জন কৃষক অংশগ্রহণ করেন। ফ্রান্সের সবচেয়ে বড় কৃষক সংগঠন এফএনএসইএর এক নেতা অভিযোগ করেন যে, গত তিন বছর ধরে তারা খামার থেকে কোনো লাভই করতে পারছেন না।
দীর্ঘদিন ধরে আয় হ্রাস এবং সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে গত ডিসেম্বর থেকেই আন্দোলনরত এই কৃষকরা। বিশেষ করে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে চুক্তি এবং গবাদিপশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে তারা ক্ষুব্ধ। ৫৬ বছর বয়সী কৃষক গিয়োম মোরে স্পষ্ট জানিয়েছেন, তারা এখন শেষ সীমায় পৌঁছে গেছেন এবং তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবেন না। এফএনএসইএ ও জ্যুন অ্যাগ্রিকালতুর সংগঠন দুটি সরকারের কাছে এ বিষয়ে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

