ইরানে বিক্ষোভে ১২ হাজারের বেশি মৃত্যুর দাবি, আন্তর্জাতিক নিন্দা

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৭:০৭ পিএম
ইরানে বিক্ষোভে ১২ হাজারের বেশি মৃত্যুর দাবি, আন্তর্জাতিক নিন্দা

ইরানে চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই হতাশাজনক পরিসংখ্যান প্রকাশ করেছে। তবে এই সংখ্যাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, গত মাসে বিক্ষোভ শুরুর পর থেকে তারা এখন পর্যন্ত ৬৪৬ জনের মৃত্যুর তথ্য যাচাই করতে পেরেছে।

এইচআরএএনএর তথ্য অনুযায়ী, নিশ্চিত হওয়া ৬৪৬ জনের মধ্যে ৫০৫ জনই সক্রিয় বিক্ষোভকারী, যাদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। এছাড়া সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৩৩ সদস্য, একজন কৌঁসুলি এবং সাতজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আরও ৫৭৯ জনের মৃত্যুর খবর যাচাইয়ের স্থাগিত রয়েছে। বিক্ষোভ চলাকালীন অন্তত ১০ হাজার ৭২১ জনকে আটক করা হয়েছে এবং সরকারপন্থী গণমাধ্যমে ৯৭টি জোরপূর্বক স্বীকারোক্তি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানে বিক্ষোভ দমনের ঘটনায় ইউরোপসহ বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে সহিংসতা বন্ধ ও ইন্টারনেট সেবা পুনর্বহালের দাবি জানিয়েছে। তারা বলেছে, জনগণের সুরক্ষা ও শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা ইরান সরকারের দায়িত্ব। ইউরোপীয় পার্লামেন্ট ইরানি কূটনৈতিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, অন্যদিকে ফ্রান্স ও সুইডেন তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দিচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...