সার্বভৌমত্ব নিয়ে উত্তেজনা, আমিরাতের সব চুক্তি বাতিল সোমালিয়ার
সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সোমালিয়া। দেশটির সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের ওপর হুমকির অভিযোগ এনে আমিরাতের সাথে সকল ধরনের দ্বিপাক্ষিক চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে সোমালি সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনা, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে সব ধরনের সমঝোতা বাতিল করা হচ্ছে, যা গত সোমবার (১২ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন লাভ করে।
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুআল্লিম ফিকি এক্স হ্যান্ডেলে জানান, গোয়েন্দা তথ্য ও প্রমাণের ভিত্তিতে তারা আমিরাতের এমন কার্যকলাপ শনাক্ত করেছে যা সোমালি প্রজাতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ করছে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনার পর থেকেই আমিরাতের সাথে সোমালিয়ার সম্পর্কের টানাপোড়েন তীব্র হয়। ১৯৯১ সাল থেকে আলাদা থাকা এই অঞ্চলকে ইসরায়েল যখন স্বীকৃতি দেয়, তখন থেকেই মোগাদিশু ধারণা করছিল যে এর পেছনে আবুধাবির হাত রয়েছে।
স্বাধীন রাজনৈতিক বিশ্লেষক আবদিনুর দাহির মনে করেন, এটি মূলত আমিরাতের বিরুদ্ধে সোমালিয়ার একটি রাজনৈতিক পাল্টা বার্তা। তিনি উল্লেখ করেন, আফ্রিকার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতা এবং সুদানের আধাসামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে ইতিমধ্যেই সমালোচিত আমিরাত। এদিকে, সোমালিয়ার এই বড় সিদ্ধান্তের পর এখন পর্যন্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

