বিজ্ঞাপন

ইসরোর পিএসএলভি উৎক্ষেপণ ব্যর্থ, হারাল অন্বেষা সহ ১৬ স্যাটেলাইট

প্রাইম বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬ ৪:০৯ পিএম
ইসরোর পিএসএলভি উৎক্ষেপণ ব্যর্থ, হারাল অন্বেষা সহ ১৬ স্যাটেলাইট

মহাকাশ গবেষণায় এক বড়সড় ধাক্কার মুখে পড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো। গত সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ রকেটের মাধ্যমে ১৬টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। কিন্তু উৎক্ষেপণের আট মিনিটের মাথায় রকেটের তৃতীয় স্তরে যান্ত্রিক গোলযোগের কারণে সম্পূর্ণ মিশনটি ব্যর্থ হয়ে যায়। এর ফলে নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারেনি গুরুত্বপূর্ণ ‘অন্বেষা’ সহ ১৬টি স্যাটেলাইট।

এই মিশনের সবচেয়ে বড় ক্ষতি হলো প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তৈরি ‘অন্বেষা’ স্যাটেলাইটটির। অত্যাধুনিক হাইপারস্পেকট্রাল প্রযুক্তি সম্বলিত এই উপগ্রহটিকে পৃথিবী থেকে ৬০০ কিলোমিটার উচ্চতায় সান-সিনক্রোনাস পোলার অরবিটে স্থাপনের কথা ছিল। ভারতের সামরিক বাহিনীর জন্য এটি গোপন অস্ত্রের মতো কাজ করার কথা ছিল। ‘ভারতের সিসিটিভি’ খ্যাত এই স্যাটেলাইটটি ঘন জঙ্গল বা বাঙ্কারের ভেতরে লুকিয়ে থাকা শত্রুপক্ষকেও শনাক্ত করতে সক্ষম ছিল, যা সীমান্তে নজরদারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতিমধ্যেই কাজ শুরু করেছে ব্যর্থতা বিশ্লেষণ কমিটি। তারা টেলিমেট্রি ডেটা পর্যালোচনা করে সমস্যার মূলে পৌঁছার চেষ্টা করছেন। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী মনীশ পুরোহিত মনে করেন, বিজ্ঞানের কাজে বাধা আসা স্বাভাবিক, তবে গুরুত্বপূর্ণ হলো কত দ্রুত ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দেওয়া যায়। ২০২৬ সালের প্রথম এই অভিযান ব্যর্থ হলেও ভবিষ্যতে এই ত্রুটিগুলো সংশোধনে মনোযোগ দেবে সংস্থাটি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...