অভিবাসন বিরোধী স্ট্রোক: ট্রাম্পের আমলে বাতিল ১ লাখ ভিসা
যুক্তরাষ্ট্রে ফিরে ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এক লাখেরও বেশি ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, অভিবাসনবিরোধী কঠোর নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় আট হাজার শিক্ষার্থী এবং আড়াই হাজার দক্ষ কর্মী রয়েছেন। ২০২৪ সালের তুলনায় চলতি বছর ভিসা বাতিলের হার বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, অধিকাংশ ভিসা বাতিল করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে। ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ অতিক্রম করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা এবং চুরি। নিরাপত্তা যাচাইয়ের জন্য ‘কন্টিনিউয়াস ভেটিং সেন্টার’ চালু করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে যারা যুক্তরাষ্ট্রবিরোধী বা রাজনৈতিকভাবে সক্রিয় মনে হয়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে।
তবে এই কঠোর নীতির কারণে মানবাধিকার এবং আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, অপরাধীর পাশাপাশি নিরপরাধ এবং ভিন্নমত পোষণকারীরাও টার্গেট হচ্ছেন। গত মার্চে টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ককে কেবল একটি সম্পাদকীয় লেখার কারণে ভিসা বাতিলের মুখে পড়তে হয়েছে। নির্বাচনী প্রচারে ট্রাম্প বৃহত্তম বহিষ্কার কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই তিনি ওই নীতি কার্যকর করছেন।

