ইরানে প্রথম ফাঁসির সাজা, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি
সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ইরানে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের উপক্রম হয়েছে। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ২৬ বছর বয়সী তরুণ এরফান সুলতানিকে ফাঁসিতে ঝোলানো হতে পারে। এমন পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সপ্তাহে কারাজ শহর থেকে গ্রেফতার করা হয় সুলতানিকে। ‘খোদার বিরুদ্ধে যুদ্ধ’ বা ‘মোহারেবেহ’র অভিযোগে তার বিরুদ্ধে মামলা হলেও বিচারকালীন সময় তাকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ এই ঘটনাকে আশির দশকের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তুলনা করেছে। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের সাধারণ মানুষকে এই গণহত্যা থেকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এদিকে, বিক্ষোভকারীদের ওপর সহিংসতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে রিপাবলিকান সিনেটর র্যান্ড পল সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে বলেছেন, এটি মার্কিন সরকারের কাজ নয় এবং এতে ইরানিরা ঐক্যবদ্ধ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অবশ্য স্পষ্ট বার্তা দিয়েছেন যে, মার্কিন হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগে ট্রাম্প পিছপা হবেন না।

