ইরানে বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড, ট্রাম্পের সামরিক হুঁশিয়ারি
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ২৬ বছর বয়সী এরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে দেশটির প্রশাসন। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) তাকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হতে পারে বলে তার পরিবারকে জানানো হয়েছে। কারাজ শহর থেকে গ্রেফতার করা এই তরুণের বিরুদ্ধে ‘খোদার বিরুদ্ধে যুদ্ধ’ বা ‘মোহারেবেহ’-এর অভিযোগ আনা হলেও বিচারকালে তাকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ এই ঘটনাকে আশির দশকের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তুলনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে, এই দমনপীড়নের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালালে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ইরান যেন তাদের স্বাধীনতার সুযোগ না হারায় এবং প্রয়োজনে তেহরানে বোমা হামলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, কূটনৈতিক পথ অগ্রাধিকার পেলেও সামরিক অপশন থেকে তারা পিছু হটবে না।
ট্রাম্পের এই হুমকির বিরোধিতা করেছেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল। তিনি মনে করেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ আমেরিকার কাজ নয় এবং এতে ইরানিরা ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারে। অপরদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর পাল্টা হামলা চালানো হবে।

