ইরানে বিক্ষোভকারীর ফাঁসির ঘণ্টা, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ২৬ বছর বয়সী এরফান সুলতানি নামের এক তরুণকে ফাঁসি দেওয়া হতে পারে বলে তার পরিবারকে অবহিত করা হয়েছে। গত সপ্তাহে কারাজ শহর থেকে গ্রেফতার হওয়া এই তরুণের বিরুদ্ধে ‘খোদার বিরুদ্ধে যুদ্ধ’ বা ‘মোহারেবেহ’র অভিযোগে বিচার সম্পন্ন করা হয়েছে, যদিও বিচারকালীন সময় তাকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এই ঘটনাকে আশির দশকের গণহত্যার সঙ্গে তুলনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম আন্তর্জাতিক মহলের প্রতি ‘রক্ষার দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ইরানে চলমান এই দমন-পীড়নের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থানে রয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালালে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নেবে এবং তেহরানে বোমা হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ট্রাম্পের এই সামরিক হুমকির তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য র্যান্ড পল। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বিদেশি আগ্রাসন ইরানিদের বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই করার বদলে জাতীয় ঐক্যের স্বার্থে সরকারের পক্ষে দাঁড় করাতে বাধ্য করতে পারে। পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা করলে তারা পুরোপুরি প্রস্তুত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর পাল্টা আঘাত হানা হবে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, কূটনৈতিক সমাধানই অগ্রাধিকার হলেও প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ থেকে ওয়াশিংটন পিছপা হবে না।

