ইউরোপে গোল্ডেন ভিসা কঠিন, নতুন দিগন্তে বিনিয়োগকারীরা
২০২৫ সালটি বিশ্বজুড়ে গোল্ডেন ভিসা প্রত্যাশীদের জন্য নানা চমক নিয়ে এসেছে। ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে এই ভিসা যেন নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তার প্রতীক। ইউরোপের দেশগুলোতে ক্রমাগত কড়াকড়ি আরোপের মধ্য দিয়ে এই খাতে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। স্পেন সম্পূর্ণ কর্মসূচি বন্ধ করে দিলেও পর্তুগাল ও গ্রিসে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, তবে নিয়মাবলিতে জটিলতা তৈরি হয়েছে।
ইউরোপের বাজারে পর্তুগাল দীর্ঘদিন শীর্ষে থাকলেও চলতি বছরের অক্টোবরে তাদের সিদ্ধান্ত অনেককে হতাশ করেছে। নাগরিকত্ব পেতে বসবাসের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করায় প্রশাসনিক জটিলতা বেড়েছে। অন্যদিকে, গ্রিস ৭ বছরের বসবাসের মাধ্যমে নাগরিকত্বের সুযোগ রেখে আকর্ষণ ধরে রেখেছে। যুক্তরাজ্যের কর পরিবর্তনের কারণে ইতালির প্রতি আগ্রহ বেড়েছে, যেখানে ২০১৮ সালের তুলনায় ২০২৫ সালে আবেদন প্রায় ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ইউরোপীয় আদালত সরাসরি টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার কারণে মাল্টার পাসপোর্ট কর্মসূচিকে অসাংবিধানিক ঘোষণা করেছে।
ইউরোপে অনিশ্চয়তা বাড়ার মধ্যেই নিউজিল্যান্ড নতুন সুযোগ তৈরি করেছে। গোল্ডেন ভিসার জন্য ইংরেজি ভাষার বাধ্যবাধকতা তুলে নিয়ে ও নতুন বিনিয়োগ প্যাকেজ চালু করেছে দেশটি। ডিজিটাল নোম্যাডদের জন্য আলাদা ভিসা এবং গোল্ডেন ভিসাধারীদের বাড়ি কেনার অনুমতি দিয়ে তারা অনেক মার্কিন নাগরিকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, রাজস্ব আহরণ ও নিরাপত্তার কারণে ২০২৬ সালেও এই কর্মসূচি চালু থাকবে, তবে নিয়মকানুন আরও বদলাতে পারে।

