বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী: ২০২৬ সালে যুদ্ধ ও ভিনগ্রহী আগমন!
বিশ্বজুড়ে বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে বুলগেরিয়ার বিখ্যাত রহস্যবাদী বাবা ভাঙ্গার পুরনো ভবিষ্যদ্বাণীগুলো আবার আলোচনায় এসেছে। ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মৃত্যুর আগে তিনি যা যা ভবিষ্যদ্বাণী করে গেছেন, তার মধ্যে অন্যতম হলো ২০২৬ সাল। তার অনুসারী এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আগামী বছরটি পৃথিবীর জন্য ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর হতে পারে।
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে বিরোধের জেরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এবং একই সঙ্গে ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে মানুষের প্রথম যোগাযোগ স্থাপিত হতে পারে। এছাড়াও এই সময়ে ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ইউরোপে সংঘাতের কারণে বিশ্বব্যাপী মারাত্মক আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। ১৯১১ সালে জন্ম নেওয়া এই রহস্যময়ী নারী, যার আসল নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশতেরোভা, মাত্র ১২ বছর বয়সে এক টর্নেডোতে দৃষ্টি হারানোর পর থেকেই ‘ভবিষ্যৎ দেখার ক্ষমতা’ লাভ করেন বলে বিশ্বাস করা হয়। তার ভবিষ্যদ্বাণীর মধ্যে ৯/১১ হামলা, রাশিয়ান সাবমেরিন কুরস্ক দুর্ঘটনা, চেরনোবিল বিপর্যয় এবং বারাক ওবামার ক্ষমতায় আসার মতো ঘটনাগুলো সত্য প্রমাণিত হওয়ায় তিনি বিখ্যাত হয়েছিলেন। তবে ২০১০ সালে বিশ্বযুদ্ধ বা ২০২৫ সালে কোনো খেলার আসরে ভিনগ্রহীদের আবির্ভাবের মতো ভবিষ্যদ্বাণী ভুলও হয়েছে।
তবে যুক্তিবাদী মহল ও বিশ্লেষকরা এসব ভবিষ্যদ্বাণী নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, বাবা ভাঙ্গার এসব ভবিষ্যদ্বাণীর পেছনে কোনো নির্ভরযোগ্য বা প্রমাণিত নথিপত্র নেই। এগুলো মূলত পুরনো কিংবদন্তি, সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব এবং বর্তমান সময়ের ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে তৈরি হওয়া ব্যাখ্যা মাত্র। তথাপি, বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনে আবারও এই পুরনো ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে কৌতূহল ও আশঙ্কা তৈরি হচ্ছে।

