যুদ্ধ চায় না ইরান, তবে যেকোনো মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বললেন আরাঘচি

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৭:০৮ পিএম
যুদ্ধ চায় না ইরান, তবে যেকোনো মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বললেন আরাঘচি

সোমবার তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তার দেশ যুদ্ধ চায় না তবে যেকোনো আক্রমণের মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি আরও জানান, শান্তিপূর্ণ সমাধানের জন্য তারা আলোচনার দরজাও খোলা রেখেছে।

আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমানাধিকার এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমন-পীড়ন চালালে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে। এমন পরিস্থিতিতেই দেশটির পক্ষ থেকে এই বক্তব্য এলো।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যোগাযোগের মাধ্যম সচল রয়েছে। আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যখনই প্রয়োজন বার্তা আদান-প্রদান করা হয়। এছাড়া সুইস দূতাবাসের মাধ্যমে ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...