বিজ্ঞাপন

দিল্লি পৌঁছালেন প্রথম তালেবান দূত, দূতাবাসে শুরু নতুন অধ্যায়

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৫:৫২ পিএম
দিল্লি পৌঁছালেন প্রথম তালেবান দূত, দূতাবাসে শুরু নতুন অধ্যায়

আফগানিস্তানে তালেবান শাসন পুনঃপ্রতিষ্ঠার পর এবারই প্রথম কোনো তালেবান মনোনীত কূটনীতিক ভারতে আনুষ্ঠানিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে পা রেখেছেন। মুফতি নূর আহমদ নূর নামের এই কূটনীতিক ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গেছেন এবং শিগগিরই সেখানকার আফগান দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে যোগ দেবেন। যদিও ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত করল।

এর আগে মুফতি নূর আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। ২০২৫ সালের অক্টোবরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকালে তিনি তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। মুত্তাকির ওই সফরটি ছিল ২০২১ সালে তালেবান ক্ষমতাসীন হওয়ার পর কোনো শীর্ষ তালেবান নেতার প্রথম ভারত ভ্রমণ। এর আগেও নয়াদিল্লি মুম্বাই ও হায়দরাবাদের কনস্যুলেটগুলোতে তালেবান প্রতিনিধিদের কাজ করার অনুমতি দিয়ে এসেছে।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর ২০২১ সালে ভারত কাবুল দূতাবাস বন্ধ করে দিলেও গত অক্টোবরে মুত্তাকির সফরের পর নয়াদিল্লি সেখানে আবার নিজেদের মিশন চালুর ঘোষণা দেয়। এদিকে, দিল্লিতে তালেবান নিয়োজিত এই দূতের আগমনে পুরনো সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত দূতাবাস কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন যে, নতুন ব্যবস্থাপনায় তাদের চাকরি থাকতে পারে না বা জোর করে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তাদের নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অদূর ভবিষ্যতে বর্তমান কর্মীরাই দূতাবাসের কাজ চালিয়ে যাবেন এবং দিল্লির দূতাবাস ভবনে এখনও আফগান প্রজাতন্ত্রের কালো-লাল-সবুজ পতাকা বয়ে রাখা হবে। অবশ্য তালেবান নিয়োজিত এই কূটনীতিক যখন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, তখন এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...