বিজ্ঞাপন

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য, মিয়ানমারের বিচার শুরু

প্রাইম বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬ ৪:২৮ পিএম
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য, মিয়ানমারের বিচার শুরু

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে। গত সোমবার (১২ জানুয়ারি) এই মামলার বিচারকাজ শুরু হলেও এবারই প্রথমবারের মতো নির্যাতনের শিকার রোহিঙ্গারা সরাসরি আদালতে তাদের সাক্ষ্য প্রদান করছেন। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই প্রথম কোনো পূর্ণাঙ্গ গণহত্যা মামলা যার বিচারকাজ এগিয়ে চলছে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, মিয়ানমার তাদের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালিয়েছে। এর আগে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে প্রায় সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। শরণার্থীরা হত্যা, গণধর্ষণ ও গ্রামে অগ্নিসংযোগের ভয়াবহ বর্ণনা দেন এবং জাতিসংঘের একটি তদন্ত দল সেখানে গণহত্যামূলক কর্মকাণ্ড হয়েছে বলে নিশ্চিত করেছিল।

বিজ্ঞাপন

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থার প্রধান নিকোলাস কুমজিয়ান মন্তব্য করেছেন যে, এই মামলার রায় গণহত্যার আইনি সংজ্ঞা, প্রমাণ এবং ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে। বিশ্লেষকদের মতে, মিয়ানমারের এই মামলার ফলাফল শুধু দেশটির জন্যই নয়, বরং গাজায় যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলাসহ ভবিষ্যতের সব আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...