৪৭ বছরের রেকর্ড ভাঙলো ইরানের বিক্ষোভ, জড়িয়ে পড়লেন ট্রাম্প
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনটি দেশটির ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৭ বছরের ইতিহাসে এক অভূতপূর্ব মোড় নিয়েছে। দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ কঠোর দমন-পীড়ন শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রকাশ্য সমর্থন দিয়েছেন। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ এবং তাদের মিত্রদের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে।
গত ২০২৫ সালের ডিসেম্বরের শেষার্ধে ইরানি মুদ্রা রিয়ালের পতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তেহরানে ব্যবসায়ীদের ধর্মঘটের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়। শীঘ্রই এটি পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন ছোট শহরে ছড়িয়ে পড়ে, যা ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট বা ২০২২ সালের মাহশা আমিনি আন্দোলনের চেয়েও ব্যাপক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সমাজবিজ্ঞানী এলি খোরসান্দফার জানিয়েছেন, অনেক অপরিচিত ছোট শহরেও এই বিক্ষোভ পৌঁছেছে এবং ভয়কে জয় করে নারীরা প্রকাশ্যে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভকারীরা ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান দিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করছেন।
বিশ্লেষকদের মতে, ইসরাইলের সঙ্গে সংঘাত ও মার্কিন হামলার পর ইসলামিক রেভলিউশনারি গার্ডের ভাবমূর্তি নষ্ট হওয়ায় সরকারের প্রতি জনসমর্থন তলানিতে পৌঁছেছে। যদিও নির্বাসিত নেতা রেজা পাহলভির আহ্বানে এই আন্দোলন কিছুটা প্রভাবিত হলেও, এর মূল কারণ হলো বর্তমান শাসন ব্যবস্থার বিকল্প নেতৃত্বের অভাব থেকে জন্ম নেওয়া হতাশা। আঞ্চলিক মিত্রদের দুর্বল অবস্থান এবং ঘরোয়া ক্ষোভের কারণে তেহরান এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় দিক থেকেই তীব্র চাপের মুখে রয়েছে।

