ইরানে সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ, সংযম ও নেট খোলার আহ্বান
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত রোববার (১১ জানুয়ারি) জারি করা এক বিবৃতিতে তিনি তেহরানকে এই পরিস্থিতিতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের কারণে প্রাণহানির খবরে মহাসচিব অত্যন্ত মর্মাহত। গুতেরেস জোর দিয়ে বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত। প্রত্যেক ইরানি নাগরিক যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই তাদের দাবি উত্থাপন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে দেশটির সরকারকে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে মুদ্রার মান হ্রাস ও অর্থনৈতিক মন্দার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়।
একইসঙ্গে, ইরানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন জাতিসংঘের শীর্ষ এই কর্মকর্তা। দেশটিতে টানা ৭২ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। এ প্রেক্ষাপটে গুতেরেস ইরানি কর্তৃপক্ষের প্রতি ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা অবিলম্বে পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন।

