‘ভাতের গামলা’তে বড় জালিয়াতি, নষ্ট দেখানো হলো লাখ কুইন্টাল ধান

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৭:০৯ পিএম
‘ভাতের গামলা’তে বড় জালিয়াতি, নষ্ট দেখানো হলো লাখ কুইন্টাল ধান

ভারতের অন্যতম শস্যভাণ্ডার বা ভাতের গামলা খ্যাত ছত্তিশগড়ে সরকারি ধান সংরক্ষণ ব্যবস্থায় গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি নথিপত্রে দেখা গেছে, প্রতি বছর রাজ্যের বিভিন্ন গোদাম থেকে হাজার হাজার কুইন্টাল ধান শুকিয়ে যাওয়া বা পোকায় খাওয়া দেখিয়ে হিসাব থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে পরিসংখ্যানগত বিশ্লেষণে প্রমাণ মিলেছে যে, এই ক্ষতির পরিমাণ স্বাভাবিক নয় বরং একটি সুসংগঠিত প্রক্রিয়ার অংশ। বিশেষ করে মহাসমুন্দ জেলায় মাত্র দশ মাসে ৮১ হাজার ৬২০ কুইন্টাল ধান নষ্ট দেখানো হয়েছে, যা প্রতি ঘণ্টায় প্রায় ১১ কুইন্টাল বা একটি ট্রাকের সমপরিমাণ ধান গায়েব হওয়ার সমতুল্য।

মহাসমুন্দ, বাগবাহারা, পিথোরা, বাসনা ও সারাইপালি—এই পাঁচটি ক্রয়কেন্দ্রে কেনা মোট ধানের প্রায় সাড়ে তিন শতাংশ লুটপাটের শিকার বলে দাবি করা হচ্ছে। যদিও জেলা বিপণন কর্মকর্তা আশুতোষ কোসারিয়া এটিকে একটি কারিগরি সমস্যা বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৪–২৫ মৌসুমের ধান স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ১১ মাস দীর্ঘ সময় সংরক্ষণ করা থাকায় আর্দ্রতা কমে ওজনের পরিবর্তন হয়েছে। অন্যদিকে বাগবাহারা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দীপেশ পাণ্ডে বৃষ্টির কারণে ধানে আর্দ্রতা কমে যাওয়া এবং পোকামাকড় ও পাখির আক্রমণকে এর কারণ হিসেবে দেখিয়েছেন।

তবে ছত্তিশগড়ের খাদ্য ও ভোক্তা সুরক্ষা দপ্তরের নির্দেশনা এই অজুহাতগুলোকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। গত ১২ সেপ্টেম্বর জারি করা নির্দেশনা অনুযায়ী, এক শতাংশের বেশি ঘাটতি হলেই কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, এক থেকে দুই শতাংশ হলে বিভাগীয় তদন্ত এবং দুই শতাংশের ওপরে গেলে অভিযুক্ত কর্মকর্তার বরখাস্ত ও এফআইআর পর্যন্ত করার বিধান রয়েছে। এর পরেও কেন সাড়ে তিন শতাংশ ক্ষতির অনুমতি দেওয়া হচ্ছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক মহলে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...