ডিজিটাল দুনিয়ায় মোবাইলহীন জীবন, জানালেন এনএসএ অজিত ডোভাল
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, তিনি তার দৈনন্দিন কাজকর্মের জন্য মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না। সম্প্রতি ‘বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে এ কথা স্বীকার করেন তিনি। এক তরুণের প্রশ্নের জবাবে ডোভাল বলেন, তিনি সাধারণত ইন্টারনেট বা মোবাইল ফোনের ব্যবহার এড়িয়ে চলেন এবং শুধুমাত্র পরিবারের প্রয়োজনে বা বিদেশে অবস্থানরত কারো সাথে যোগাযোগের ক্ষেত্রেই ফোন ব্যবহার করেন।
অজিত ডোভাল জানান, যোগাযোগের জন্য এমন কিছু বিশেষ পদ্ধতি রয়েছে যা সাধারণ মানুষের জানা নেই এবং তিনি সেগুলোর মাধ্যমেই তার কাজ পরিচালনা করেন। ১৯৪৫ সালে উত্তরাখণ্ডে জন্ম নেওয়া এই সাবেক আইপিএস কর্মকর্তা ১৯৬৮ ব্যাচের সদস্য। সাহসিকতার জন্য তিনি কীর্তি চক্রপ্রাপ্ত সর্বকনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাত। মিজোরাম, পাঞ্জাব ও উত্তর-পূর্ব ভারতে বিদ্রোহ দমনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা বিষয়ক বড় সিদ্ধান্তগুলোতে তার প্রভাব সুস্পষ্ট, বিশেষ করে ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালের বালাকোট বিমান হামলা এবং ডোকলাম সংকট মোকাবিলায় তিনি মূল ভূমিকা পালন করেছিলেন।
১৯৯৯ সালে আইসি-৮১৪ বিমান ছিনতাই সংকক্তের সময় কান্দাহারে গিয়ে আলোচনায় অংশ নেওয়া ডোভাল ১৯৭১ থেকে ১৯৯৯ সালের মধ্যে একাধিক বিমান ছিনতাই মামলা সফলভাবে সমাধান করেছেন। দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম ও সন্ত্রাসবাদ দমনে নেতৃত্ব দেওয়া এই পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার অদ্বিতীয় কর্মশৈলীর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

