ইন্টারনেট ও মোবাইল ছাড়াই কাজ সামলান ভারতীয় এনএসএ অজিত ডোভাল
প্রযুক্তিনির্ভর এই যুগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, তিনি দৈনন্দিন কাজের জন্য মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না। সম্প্রতি ‘বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের জবাবে তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা বা বিদেশে অবস্থানরত কারো সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলেই কেবল তিনি ফোন হাতে নেন। সাধারণ মানুষের অজানা কিছু বিশেষ পদ্ধতিতে যোগাযোগ রক্ষা করেই তিনি গোটা দায়িত্ব সামলাচ্ছেন।
১৯৪৫ সালে উত্তরাখণ্ডে জন্ম নেওয়া অজিত ডোভাল ১৯৬৮ সালে আইপিএস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই দেশের নিরাপত্তায় মুখ্য ভূমিকা পালন করে আসছেন। বিদ্রোহ দমনে মিজোরাম, পাঞ্জাব এবং উত্তর-পূর্ব ভারতে সফল অভিযান পরিচালনা করেছেন তিনি। সাহসিকতার স্বীকৃতি হিসেবে কীর্তি চক্র পাওয়া ডোভাল ১৯৯৯ সালে আইসি-৮১৪ বিমান ছিনতাইকালীন কান্দাহারে আলোচনাকারী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সন্ত্রাসবাদ দমন ও গোয়েন্দা কার্যক্রমে তার দক্ষতা দেশজুড়ে প্রশংসিত।
ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অজিত ডোভাল দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালের বালাকোট বিমান হামলার পেছনে তার কৌশলগত ভূমিকা ছিল। এছাড়া চীনের সঙ্গে ডোকলাম সীমান্ত সংকট মোকাবিলায়ও তিনি মূল ভূমিকা পালন করেন। এমন একজন ব্যক্তি যার হাতে রয়েছে দেশের সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনের দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছেন।

