সিউলকে কঠোর হুঁশিয়ারি কিম ইয়ো জংয়ের, ড্রোন নিয়ে উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৪:৫৭ পিএম
সিউলকে কঠোর হুঁশিয়ারি কিম ইয়ো জংয়ের, ড্রোন নিয়ে উত্তেজনা

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পিয়ংইয়ংয়ের আকাশে অনুপ্রবেশকারী ড্রোনগুলোর ঘটনায় সিউলের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বেক তাদের সেনাবাহিনীর এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করার পরপরই এই প্রতিক্রিয়া আসে।

কিম ইয়ো জং জানিয়েছেন, উদ্ধার করা ওই ড্রোনগুলোর ফুটেজে উত্তর কোরিয়ার একটি ইউরেনিয়াম খনি এবং বর্তমানে বন্ধ থাকা কায়সং যৌথ শিল্পাঞ্চলের দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। এছাড়া সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনারও ছবি রয়েছে সেখানে। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, যদি দক্ষিণ কোরিয়া এই ধরনের উসকানিমূলক কাজ অব্যাহত রাখে তবে তাদের মোকাবিলা করতে হবে ভয়াবহ পরিণতি। সিউল যদি এটিকে বেসামরিক সংগঠনের কাজ বলে দায় এড়ানোর চেষ্টা করে, তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকেও দক্ষিণ কোরিয়ার আকাশে অসংখ্য ড্রোন পাঠানো হবে বলে তিনি হুমকি দিয়েছেন।

এদিকে, উত্তর কোরিয়ার এমন অভিযোগের মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এ বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। গত শনিবার (১০ জানুয়ারি) তিনি ড্রোন অনুপ্রবেশের অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...