ইরানে অস্থিরতা: ইসরাইলের বিশাল ডিজিটাল নেটওয়ার্কের খবর
ইরানে রাজনৈতিক অস্থিরতা তৈরি এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় আনতে ইসরাইল একটি বিশাল ডিজিটাল প্রোপাগান্ডা নেটওয়ার্ক পরিচালনা করছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরাইলি সংবাদমাধ্যমের যৌথ অনুসন্ধানে এই তথ্য প্রমাণিত হয়েছে। ইসরাইল সরকারের পরোক্ষ অর্থায়নে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় পারস্য ভাষায় এই প্রচারণা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, গত বছর তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলার সময় এই নেটওয়ার্কটি সবচেয়ে বেশি সক্রিয় ছিল। ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা অ্যাভাটার ব্যবহার করে বিস্ফোরণের খবর ও ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এমনকি সাধারণ মানুষকে ব্যাংক লুট বা জেল ভেঙে বন্দিদের মুক্ত করার মতো উসকানিমূলক পরামর্শও দেওয়া হয়েছিল। ২০২৩ সালে রেজা পাহলভির ইসরাইল সফরের সময় দেশটির বিজ্ঞানমন্ত্রী গিলা গামলিয়েল তাকে ‘ইরানের যুবরাজ’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
সিটিজেন ল্যাব জানিয়েছে, এই প্রচারণার সময়সূচি এবং ইসরাইলি সামরিক অভিযানের মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক রয়েছে। তবে তেল-আবিবভিত্তিক গবেষক রাজ জিম্মতের মতে, ইসরাইলের এই প্রকাশ্য সমর্থন উল্টো খামেনি সরকারের সেই বক্তব্যকেই জোরদার করছে যে বিদেশিরা ইরানকে তাদের অনুগত রাষ্ট্রে পরিণত করতে চায়। বিশেষজ্ঞরা মনে করেন, গণতান্ত্রিক দেশগুলোর উচিত এ ধরনের অনৈতিক ডিজিটাল ক্যাম্পেইন থেকে বিরত থাকা, যাতে দীর্ঘমেয়াদে অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত না হয়।

