পুতিনকে মাদুরো স্টাইলে তুলে নেওয়ার হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৪:০২ পিএম
পুতিনকে মাদুরো স্টাইলে তুলে নেওয়ার হুঁশিয়ারি

শুক্রবার (৯ জানুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভে একদিনের সফরে গিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ব্যতিক্রমী এক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, সুযোগ থাকলে তিনি পুতিনকে রাশিয়া থেকে আটক করে নিয়ে যাবেন এবং যুদ্ধাপরাধের দায়ে তার বিচার করাবেন। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মাত্র কয়েক ঘণ্টা পরই এই হুঁশিয়ারি দেন তিনি।

কিয়েভের একটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন পরিদর্শনের সময় সাংবাদিকদের হিলি বলেন, যদি কোনো বিশ্বনেতাকে অপহরণের সুযোগ তার হাতে থাকত, তবে তিনি পুতিনকেই হেফাজতে নিয়ে যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি করতেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন তিনি। বুচা ও ইরপিনে বেসামরিক হত্যাকাণ্ড এবং শিশু অপহরণের মতো ঘটনাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, পুতিনকে এর জবাবদিহি করতেই হবে। ২০২৩ সালের মার্চে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

এ সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে জন হিলি ঘোষণা দেন যে, সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতি হিসেবে ব্রিটেন ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে। শীতকালে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্য করে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, পুতিন কেবল যুদ্ধ নয়, সাধারণ মানুষের ওপর আক্রমণ চালাচ্ছেন। এই মানুষটিকে এবং যুদ্ধকে থামাতে হবে বলেও জোর দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...