ইন্টারনেট বন্ধ ও নিহত ৫১: ইরানে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ২:৪৮ পিএম
ইন্টারনেট বন্ধ ও নিহত ৫১: ইরানে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ

কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউট ও নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন উপেক্ষা করে গত শনিবার (১০ জানুয়ারি) রাতে ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশে সরকারবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে জনতা। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন বর্তমান ধর্মীয় শাসকগোষ্ঠীকে অপসারণের দাবিতে রূপ নিয়েছে, যা গত তিন বছরের মধ্যে দেশটির বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে চিহ্নিত হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই দমন অভিযানে নিহতের সংখ্যা ৫১ ছাড়িয়েছে, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে। অন্যদিকে, শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি ও হাঁড়ি-পাতিল বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। অনেকে অপসারিত রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিচ্ছেন এবং শাহ আমলের পতাকা প্রদর্শন করছেন। নির্বাসিত শাহজাদা রেজা পাহলভি এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো নিয়ন্ত্রণে নিতে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরানে প্রায় পুরোপুরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে দেশের অভ্যন্তরের সঠিক পরিস্থিতি বাইরের জানা সম্ভব হচ্ছে না। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের ‘নাশকতাকারী’ আখ্যা দিয়ে সেনাবাহিনীকে জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে সতর্ক করেছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্বাধীনতার দ্বারপ্রান্তে দাবি করে সহায়তার আশ্বাস দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মহল সহিংসতায় সংযম ও বিক্ষোভকারীদের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। লন্ডনের ইরানি দূতাবাসের সামনেও এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...