বিজ্ঞাপন

পাহলভি ক্ষমতায় আনতে ইসরায়েলের গোপন প্রোপাগান্ডা

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ২:২৬ পিএম
পাহলভি ক্ষমতায় আনতে ইসরায়েলের গোপন প্রোপাগান্ডা

ইরানে পুনরায় রাজতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে শেষ শাহের পুত্র রেজা পাহলভিকে ক্ষমতায় বসানোর অভিযানে গোপনে জড়িয়ে পড়েছে ইসরায়েল। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাবের তদন্তে দেশটির একটি বিশাল অনলাইন প্রোপাগান্ডা নেটওয়ার্কের তথ্য প্রকাশ পেয়েছে। গত বছর তেহরানের এভিন কারাগারকে কেন্দ্র করে ইসরায়েলি বিমান হামলার সময় পারস্য ভাষায় ডিপফেক ভিডিও ও ভুয়া খবর ছড়ানো হয়। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম দ্য মার্কার ও হারেৎজের যৌথ প্রতিবেদনেও এই অনলাইন ক্যাম্পেইন পরোক্ষভাবে ইসরায়েলি অর্থায়নে পরিচালিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে ২০২৩ সালের শুরুতে রেজা পাহলভি প্রথমবারের মতো ইসরায়েল সফরে গিয়েছিলেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির এই পুত্রকে সেখানকার তৎকালীন গোয়েন্দামন্ত্রী গিলা গামলিয়েল ‘ইরানের যুবরাজ’ হিসেবে পরিচয় করিয়ে দেন। এই সফরটি ইসরায়েলি গণমাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্ব পায়। সেখানে দাবি করা হয়, দুই দেশের জনগণের মধ্যে কোনো শত্রুতা নেই, শুধুমাত্র সরকারদ্বয়ের মধ্যেই রাজনৈতিক দ্বন্দ্ব বিরাজমান। অতীতে তার বাবার শাসনামল দুর্নীতি ও বিরোধী দমনের জন্য কুখ্যাত হলেও রেজা নিজে শান্তি ও গণতন্ত্রের কথা বলে থাকেন।

বিজ্ঞাপন

বর্তমানে প্রবাসী ইরানিদের একটি অংশের মধ্যে তার সমর্থন থাকলেও ইরানের অভ্যন্তরে জনসমর্থন কতটুকু তা নিশ্চিত নয়। ইসরায়েল সফরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের জবাবে পাহলভি বলেছিলেন, নেলসন ম্যান্ডেলা বা লেহ ওয়ালেসার মতো অহিংস আন্দোলন পরিবর্তন আনতে পারে। তবে পরে তিনি স্বীকার করেন যে, আন্তর্জাতিক সমর্থন ছাড়া এসব আন্দোলন সফল হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সফর নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া রয়েছে দাবি করে তিনি সাংবাদিকদের নিজেরাই তা যাচাই করতে বলেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...