ত্রিপুরায় পূজা ও মেলার চাঁদা নিয়ে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ১২:৫৩ পিএম
ত্রিপুরায় পূজা ও মেলার চাঁদা নিয়ে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট

ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় পূজা ও স্থানীয় মেলার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধেছে। এই ঘটনায় অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ওই জেলায় ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করেছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।

ফটিকরয় থানার কুমারঘাট এলাকায় কাঠবোঝাই একটি যানবাহন আটকে মেলার চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে শিমুলতলা এলাকায় একটি পরিবার চাঁদা দিতে অস্বীকার করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একটি উপাসনালয় ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন লাগানো হয়। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অন্তত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার আভিনাশ রাই জানিয়েছেন, কিছু উচ্ছৃঙ্খল যুবক বাড়িতে আগুন দিয়েছিল এবং দ্রুত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং জনতা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে।

বর্তমানে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) ও সিআরপিএফের যৌথ টহলে পরিস্থিতি শান্ত রয়েছে। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় ভৈরব মেলাকে কেন্দ্র করেই এই উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সবাইকে উসকানিমূলক পোস্ট বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...