বিজ্ঞাপন

মিসিসিপিতে বন্দুকধারীর তাণ্ডবে সাত বছরের শিশুসহ নিহত ৬

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ১১:৫০ এএম
মিসিসিপিতে বন্দুকধারীর তাণ্ডবে সাত বছরের শিশুসহ নিহত ৬

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় একক বন্দুকধারীর হামলায় সাত বছরের এক শিশুসহ মোট ছয়জনের প্রাণহানি ঘটেছে। গত শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সিডার ব্লাফ এলাকায় ভয়াবহ এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ২৪ বছর বয়সী দারিকা মুরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে প্রাথমিকভাবে প্রথম ডিগ্রি মার্ডারের অভিযোগে আসামি করা হয়েছে।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট জানান, এই হামলার শিকার বেশ কয়েকজন বন্দুকধারীর নিকটাত্মীয় ছিলেন। তদন্তে বেরিয়ে এসেছে, দারিকা মুর প্রথমে তার বাবা গ্লেন মুর (৬৭), চাচা উইলি এড গাইনস (৫৫) এবং ভাই কুইন্টিন মুরকে (৩৩) গুলি করে হত্যা করেন। এরপর তিনি ভাইয়ের ফোর্ড পিকআপ ট্রাক ছিনতাই করে ব্লেক রোডের একটি বাড়িতে গিয়ে আরও গুলি চালান, যেখান থেকে জরুরি সেবার ৯১১ নম্বরে ফোন করা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে নিহতদের মধ্যে তিনজনের মাথায় গুলির ক্ষত দেখতে পায়।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শেরিফ এডি স্কট জানান, হত্যার পেছনে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে এই ভয়াবহ ঘটনার জন্য অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ যুক্ত করে মামলাটি ক্যাপিটাল মার্ডারে উন্নীত করা হবে। এই হত্যাকাণ্ডে এলাকার স্বাভাবিক জনজীবনে বিরাজ করছে গভীর শোক ও আতঙ্ক।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...