আইসি কর্মকর্তার গুলিতে নিহত, যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিক্ষোভ
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসি) কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত বুধবার (৭ জানুয়ারি) রেনে গুড নামের ওই নারী নিহত হওয়ার প্রতিবাদে শনিবার (১০ জানুয়ারি) মিনিয়াপোলিসের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছেন। প্রচণ্ড ঠান্ডা ও ঝোড়ো বাতাস উপেক্ষা করে বিক্ষোভকারীরা শহরের বুকে মিছিল করেছেন এবং একই ইস্যুতে সারাদেশে এক হাজারেরও বেশি বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
আদিবাসী মেক্সিকান নৃত্যশিল্পীদের নেতৃত্বে মিছিলটি রেনে গুডের গাড়িতে গুলিবিদ্ধ হওয়ার স্থানের দিকে অগ্রসর হয়। বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়ে রেনে গুডের নাম ধরে স্লোগান দেন এবং ‘আইসি বিলুপ্ত করো’, ‘ন্যায়বিচার ছাড়া শান্তি নেই’ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় ৩০ বছর বয়সী বিক্ষোভকারী এলিসন মন্টগোমারি বলেন, তিনি ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত হলেও অন্তরে একটি আশা রয়েছে যে কিছু একটা ভালো হবে।
এদিকে, এই গুলির ঘটনা নিয়ে মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তাদের সাথে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) বক্তব্যে বিরোধ দেখা দিয়েছে। মিনেসোটার কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের ভিডিওর বরাত দিয়ে দাবি করেছেন, গাড়িটি কর্মকর্তার দিক থেকে সরে যাওয়ার সময় গুলি করা হয়েছে, যা অযৌক্তিক। অপরদিকে ডিএইচএস দাবি করেছে, ওই কর্মকর্তা আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছেন কারণ গাড়িটি তার দিকে এগিয়ে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতাদের মধ্যেও রাজনৈতিক মতবিরোধ সৃষ্টি হয়েছে।

