জেএফ-১৭ কেনার ইঙ্গিত, ইরানে অস্থিরতা ও ট্রাম্পের হুমকি
আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনার মধ্য দিয়ে চলছে নতুন বছরের শুরু। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর জানা গেছে, ঢাকার কাছে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ইরানজুড়ে তীব্র বিক্ষোভ ও সংঘাতের কারণে দেশটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
ইরানে চলমান অস্থিরতার মুখে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী বা আইআরজিসি কঠোর অবস্থান গ্রহণ করেছে। তারা জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা করা তাদের জন্য ‘রেড লাইন’। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পৃষ্ঠপোষকতায় ভেনেজুয়েলার মতো ষড়যন্ত্র করা হলেও তা ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রয়োজনে তিনি ইরানে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন।
আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতিতেও নতুন মাত্রা যোগ হয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘রাশিয়ান স্যাংশনস বিল’ নামে পরিচিত এই আইন বাস্তবায়িত হলে রাশিয়ান তেল আমদানি নির্ভর দেশ ভারতের ওপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

