বিশ্ব জুড়ে উত্তেজনা: জেএফ-১৭ চুক্তি ও ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ১২:১২ এএম
বিশ্ব জুড়ে উত্তেজনা: জেএফ-১৭ চুক্তি ও ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন

নতুন বছরের শুরুতেই বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনা একদিকে যেমন নজর কেড়েছে, তেমনি ইরানে চলমান বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের সামরিক হুঁশিয়ারি এবং রাশিয়া থেকে তেল আমদানিতে মার্কিন শুল্কের হুমকি বৈশ্বিক সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করেছে।

পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর দেশটির সামরিক গণমাধ্যম আইএসপিআর জানিয়েছে, ঢাকার সঙ্গে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির চুক্তি হতে পারে। অন্যদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস (আইআরজিসি) নিরাপত্তাকে ‘রেড লাইন’ ঘোষণা করে বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মদদে ভেনেজুয়েলা-ধাঁচের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

ইরানে অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক করেছেন। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানিকারী দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ‘রাশিয়ান স্যাংশনস বিল’-এর এই পদক্ষেপ ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নতুন অর্থনৈতিক সংকটের ইঙ্গিত বহন করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...