বাংলাদেশের জন্য জেএফ-১৭, ইরানে উত্তেজনা ও ট্রাম্পের হুমকি

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১১:০৩ পিএম
বাংলাদেশের জন্য জেএফ-১৭, ইরানে উত্তেজনা ও ট্রাম্পের হুমকি

বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। দুই দেশের বিমান বাহিনী প্রধান—পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বা আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশের কাছে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির চুক্তি সম্ভব হতে পারে। অন্যদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি) নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ‘রেড লাইন’ হিসেবে ঘোষণা করে কঠোর অবস্থানে রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সাম্প্রতিক অস্থিরতা সৃষ্টির পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ ষড়যন্ত্র রয়েছে, যা ব্যর্থ হয়েছে। গত পাঁচ দশক ধরে ইরান একাধিক বৃহৎ আন্দোলনের মুখোমুখি হলেও বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বড় বিপদের মুখে আছে বলে সতর্ক করেছেন এবং প্রয়োজনে তিনি সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে জানিয়েছেন।

এছাড়াও বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি হয়েছে মার্কিন প্রস্তাবিত ‘রাশিয়ান স্যাংশনস বিল’-এর কারণে। রাশিয়া থেকে তেল আমদানিকারী দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের এই প্রস্তাব ভারতের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। ওয়াশিংটনের এই পদক্ষেপ মস্কোর সঙ্গে জ্বালানি বাণিজ্যের সম্পর্ক রক্ষাকারী দেশগুলোকে চাপে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...