আট যুদ্ধ থামানোর দাবিতে নোবেল চান ডোনাল্ড ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৯:৫৫ পিএম
আট যুদ্ধ থামানোর দাবিতে নোবেল চান ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের বিভিন্ন দেশে সামরিক হামলার হুমকি দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেছেন। গত শুক্রবার হোয়াইট হাউসে তেল ও গ্যাস খাতের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, ইতিহাসে তার মতো এতগুলো যুদ্ধ বন্ধ করতে আর কেউ সক্ষম হয়নি। ভেনেজুয়েলা, ইরান বা মেক্সিকোর মতো দেশগুলোতে আক্রমণের হুমকির মধ্য দিয়েই তিনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন বলে তিনি দাবি করেন।

ট্রাম্প জানান, তিনি মোট আটটি বড় যুদ্ধ থামিয়েছেন। এর মধ্যে কিছু যুদ্ধ ৩৬, ৩২ বা ২৫ বছর ধরে চলছিল। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার সময় আটটি যুদ্ধবিমান ভূপাতিত হলেও তার হস্তক্ষেপে পরমাণু সংঘাত এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। এ প্রসঙ্গে নরওয়ে ও নোবেল কমিটির সমালোচনা করে তিনি বলেন, পুরস্কার প্রদানের বিষয়ে নরওয়ে এখন লজ্জিত অবস্থায় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, পরমাণু অস্ত্র ব্যবহার ছাড়াই তিনি অত্যন্ত দ্রুত এই যুদ্ধগুলো সমাধান করেছেন। তার বিশ্বাস, বিশ্বের ইতিহাসে শান্তি প্রতিষ্ঠার জন্য তার চেয়ে বেশি যোগ্য কোনো ব্যক্তি এখন পর্যন্ত আবির্ভূত হননি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...