চ্যাটজিপিটির লেখা শপথে বিয়ে, শেষে বাতিল ঘোষণা আদালতের

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৯:১৯ পিএম
চ্যাটজিপিটির লেখা শপথে বিয়ে, শেষে বাতিল ঘোষণা আদালতের

নেদারল্যান্ডসের এক নবদম্পতির বিয়ে বাতিল করে দিয়েছে দেশটির একটি আদালত। বিয়ের শপথ লেখার জন্য তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির সহায়তা নেয়ার কারণেই এই বিপাকে পড়তে হয়েছে তাদের। গত ৫ জানুয়ারি জুইলা শহরের আদালত জানিয়েছে, যেহেতু বিয়ের ঘোষণায় আইনি শর্তাবলী পূরণ হয়নি, তাই এই দাম্পত্য সম্পর্ক বৈধ নয়।

গত বছরের ১৯ এপ্রিল ওই দম্পতির বিয়ের আয়োজন করা হয়। পেশাদার কাজির পরিবর্তে তাদের এক বন্ধুই বিয়ে পড়ানোর দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে ভিন্নতা আনতে চ্যাটজিপিটির সাহায্যে তৈরি শপথ পাঠ করা হয়। কিন্তু আইনি বাধ্যবাধকতা না থাকায় সেই শপথ গ্রহণযোগ্য হয়নি। নেদারল্যান্ডসের আইন অনুযায়ী, বিয়ের সময় দম্পতিকে স্পষ্টভাবে একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে গ্রহণ এবং আইনি দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিতে হয়। কিন্তু বন্ধু হিসেবে যিনি বিয়ে পড়িয়েছিলেন, তিনি দম্পতিকে জিজ্ঞেস করেছিলেন—জীবন কঠিন হলেও তারা কি একে অপরকে খেপাবেন এবং জড়িয়ে ধরে রাখবেন? এমনকি তাদের ‘পাগলাটে’ বলেও সম্বোধন করা হয়।

আদালতের নথিপত্রে বলা হয়েছে, এই ধরনের মজার কথাবার্তায় দাম্পত্য দায়িত্বের আইনি প্রতিশ্রুতির কোনো অস্তিত্ব নেই। ওই দম্পতি বিয়ের তারিখটি নিয়ে আবেগী হয়ে আদালতে বলেছিলেন, তাদের মনের মিলটাই আসল। তবে বিচারক জানিয়েছেন, তারিখের আবেগ যতই গুরুত্বপূর্ণ হোক, আইনের বিধান উপেক্ষা করা সম্ভব নয়। ফলে সিভিল রেজিস্ট্রিতে ভুলবশত যে সনদটি নথিভুক্ত হয়েছিল, তা বাতিল করে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রি থেকে তাদের নাম প্রত্যাহার করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...