ইরানে বিক্ষোভ দমনে রেড লাইন ঘোষণা গার্ডসের
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি) দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ‘রেড লাইন’ বা অতিক্রণযোগ্য সীমা হিসেবে ঘোষণা করেছে। গত দুই সপ্তাহ ধরে দেশজুড়ে চলা বিক্ষোভে মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী এ পর্যন্ত অন্তত ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৫০ জন বিক্ষোভকারী এবং ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। মূলত অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলনটি এখন সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো সামরিক ঘাঁটিতে হামলা ও অগ্নিসংযোগ করছে। ১৯৭৯ সালের বিপ্লবী অর্জন রক্ষায় তারা আর কোনো অরাজকতা সহ্য করবে না। পাশাপাশি, ইরানের সেনাবাহিনীও জাতীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, নির্বাসিত শাহের পুত্র রেজা পাহলভি বিক্ষোভকারীদের শহরের কেন্দ্র দখল ও পরিবহন-জ্বালানি খাতে ধর্মঘটের ডাক দিয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি যৌথভাবে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সংযম চেয়েছে। তবে তেহরান জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদের স্বীকৃতি থাকলেও সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

