গোবরে ক্যানসার সারার গবেষণায় কোটি টাকার অনিয়ম, তদন্তে অভিযোগ
মধ্য প্রদেশের জবলপুরে গরুর গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির সরকারি গবেষণা প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় এক দশক ধরে সরকারের প্রায় সাড়ে তিন কোটি রুপি ব্যয় করা হলেও তেমন কোনো ফলাফল মেলেনি। অভিযোগের ভিত্তিতে পরিচালিত তদন্তে প্রকল্পের টাকার হিসাবে গরমিল পাওয়া গেছে, যা নিয়ে এখন চরম বিতর্ক সৃষ্টি হয়েছে।
নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এই প্রকল্পে গোবর, গোমূত্র ও অন্যান্য কাঁচামালের খরচ বাবদ প্রায় এক কোটি ৯২ লাখ রুপি দেখানো হয়েছে, যা বাস্তবে ১৫ থেকে ২০ লাখ রুপির মধ্যে সীমাবদ্ধ হওয়ার কথা। এছাড়া প্রকল্পের কাজে যোগসূত্র না থাকা সত্ত্বেও সাড়ে সাত লাখ রুপির একটি গাড়ি কেনা হয়েছে, যা এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি খাতেও বিপুল অর্থের অপব্যবহারের প্রমাণ মিলেছে।
অতিরিক্ত কালেক্টর রঘুভর মারাভির নেতৃত্বাধীন তদন্ত কমিটি ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্যয়ের হিসাব খতিয়ে দেখে সম্প্রতি কালেক্টরের কাছে রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কৃষকদের প্রশিক্ষণের কোনো আনুষ্ঠানিক নথি নেই এবং বাজেট ছাড়া অতিরিক্ত খরচ করা হয়েছে। গবেষণার নামে দেশের বিভিন্ন স্থানে ২৩ থেকে ২৪ বার বিমান ভ্রমণের খরচ দেখানোর যৌক্তিকতাও প্রশ্নের মুখে পড়েছে। এই ঘটনার পর প্রশাসন ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।

