পাকিস্তানে সাঁড়াশি অভিযান, নিহত ১১ ভারত-সমর্থিত সন্ত্রাসী

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৫:৫৪ পিএম
পাকিস্তানে সাঁড়াশি অভিযান, নিহত ১১ ভারত-সমর্থিত সন্ত্রাসী

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় সাম্প্রতিক অভিযানে ১১ জন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। গত শনিবার (১০ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তীব্র গোলাগুলির মধ্য দিয়ে সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বিদেশি অর্থায়নে পরিচালিত জঙ্গি নেটওয়ার্ক দমনের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এতে ‘ফিতনা-উল-খারাজ’ নামক ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ছয়জন সদস্য নিহত হয়েছে। অন্যদিকে, কুররমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ জনকে হত্যা করা হয়। মৃতদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যা তাদের বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ বহন করে।

সামরিক বাহিনীর মতে, এই অভিযানের ফলে ওই অঞ্চলে সন্ত্রাসীদের ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনা ব্যাহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া থেকে অবশিষ্ট বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন অব্যাহত থাকবে। ফেডারেল সরকারের জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ‘আজম-ই-ইস্তেহকাম’ কৌশলের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...