নোবেল পুরস্কার হস্তান্তরে ট্রাম্পের সম্মতি, অনুমোদন নেই বলল কমিটি

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৩:৫৮ পিএম
নোবেল পুরস্কার হস্তান্তরে ট্রাম্পের সম্মতি, অনুমোদন নেই বলল কমিটি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বিরোধীদলীয় নেত্রী এবং এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো তার এই পদকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে সাড়া দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে দেখা হলে তিনি এই ‘উপহার’ সাদরে গ্রহণ করবেন এবং এটিকে নিজের জন্য বিরাট সম্মানের বিষয় বলে মনে করছেন।

গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মাচাদোর সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন। তবে পুরস্কার হস্তান্তরের এই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, একবার ঘোষণার পর নোবেল পুরস্কার কোনোভাবেই প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা সম্ভব নয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং সব সময়ের জন্য প্রযোজ্য।

এদিকে, নোবেল পুরস্কার নিয়ে এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নতির দিকে এগিয়েছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে তাদের কূটনীতিকদের একটি দল শিগগিরই ওয়াশিংটনে যাবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল, যার মধ্যে ইন্টারিম চার্জ দি অ্যাফেয়ার্স জন ম্যাকনামারা রয়েছেন, শুক্রবার কারাকাসে পৌঁছেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...